`মেট্রো' নাম বদলাতে হচ্ছে মাইক্রোসফটকে
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের `মেট্রো' ইউজার ইন্টারফেসটির নাম বদলে ফেলতে বাধ্য হচ্ছে মাইক্রোসফট। জার্মানির `মেট্রো এজি' নামের প্রতিষ্ঠানটির সঙ্গে নাম নিয়ে মামলায় জড়িয়ে পড়ায় মাইক্রোসফটকে `মেট্রো' বিসর্জন দিতে হচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।২০১০ সালে উইন্ডোজ ফোন ৭ তৈরির সময়ই ইন্টারফেসভিত্তিক নকশার ক্ষেত্রে `মেট্রো' নামটি ব্যবহার করতে শুরু করেছিল মাইক্রোসফট। পরে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের জন্য টাইলসসদৃশ `মেট্রো' নামের আলাদা একটি ইন্টারফেস তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এ নামটি মেট্রো এজির `ট্রেডমার্ক' বিধায় মাইক্রোসফটকে এ নামটি ব্যবহারের আশা ছেড়ে দিতে হচ্ছে। এ প্রসঙ্গে প্রযুক্তিবিষয়ক ব্লগ ভার্জ জানিয়েছে, মাইক্রোসফটের কর্মকর্তারা ইউরোপের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর মেট্রো নামটি ব্যবহার না করার সদ্ধিান্ত নিয়েছেন।'অবশ্য মেট্রোর পরিবর্তে কী নাম দেওয়া হবে, সে বিষয়টি এখনো নির্ধারণ করেনি মাইক্রোসফট। তবে শিগগিরই নতুন নাম ঘোষণা করার কথা জানিয়েছে। আপাতত নাম হিসেবে মেট্রোর পরিবর্তে ইউজার ইন্টারফেসটির পরিচিতি বোঝাতে `উইন্ডোজ ফোন' বা `উইন্ডোজ ৮ ইন্টারফেস' ব্যবহার করছে মাইক্রোসফট।